ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল শিক্ষকের

টাঙ্গাইলে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলীম (৫০) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রসুলপু্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক আব্দুল আলীম ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চর এলাকার আব্দুল কদ্দুসের ছেলে। বর্তমানে তিনি ভূঞাপুর পৌরসভার ঘান্টান্দী নতুনপাড়ার বাসিন্দা। তিনি ভূঞাপুর পৌর শহরের প্রভাতী কিন্ডারগার্টেনের পরিচালক ছিলেন।

কিন্ডারগার্টেনের শিক্ষক মাহমুদুল হাসান ও শফিউর রহমান জানান, সকালে টাঙ্গাইল শহরের তার নিজ বাসা থেকে ভূঞাপুরে কর্মস্থলে আসার জন্য সিএনজিচালিত অটোকিশায় রওনা হন। অটোরিকশাটি রসুলপুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলে তিনি মারা যান।

ঘটনায় সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’