১০ কোটি টাকা ঋণ খেলাপির মামলা

সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১০ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম অর্থঋণের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।

জানা গেছে,  খেলাপি ঋণ আদায়ের জন্য চট্টগ্রাম নগরের আগ্রাবাদ শাখার এসবিএসসি ব্যাংক পিএলসি অর্থঋণ আদালতে মামলা করেন। আদালত ২০২৪ সালের ২৭ মার্চ ডিক্রি জারি করেন। ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে ৯ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ২২৯ টাকাসহ টাকার উপর ১২ শতাংশ হারে সুদের ডিক্রি হয়। ডিক্রিকৃত টাকা ৬০ দিনের মধ্যে পরিশোধের জন্য তাদের নির্দেশ দেওয়া হলেও তা পরিশোধ না করায় গত ৮ জুলাই ১০ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ৬৬ টাকা আদায়ের দাবিতে জারি মামলা হয়। গৃহীত ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক বা সহায়ক জামানত না থাকায় নিলাম কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয়নি। ফলে অর্থঋণ আইনের ৩৪ ও ৩৫ ধারা  মোতাবেক ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন করেন। এই মামলা দায়ের হওয়ার প্রায় ২ বছর অতিক্রান্ত হলেও দায়িকগণ ডিক্রিদারের কোনো পাওনা পরিশোধ না করায় বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায়ে বাধ্য করার প্রয়াস হিসেবে পাঁচ মাসের দেওয়ানী আটকাদেশ প্রদান করা হয়।