পরকীয়ার বলি প্রবাসী স্বামী, গ্রেপ্তার ৩

মানিকগঞ্জের সিংগাইরে পরকীয়া সম্পর্কের বলি হয়েছে প্রবাস ফেরত স্বামী মো. উজ্জল মিয়া (৩০)। আর এ হত্যা মামলায় নিহতের ছোট ভাই ও স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত উজ্জল উপজেলার তালেবপুর ইউনিয়নের উত্তর কাংশা গ্রামের মো. রোকমান মোল্লার ছেলে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের পুলিশ সুপার মো. বশির আহমেদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান। এর আগে বুধবার (৬ নভেম্বর) রাতে সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের উত্তর কাংশা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা হলেন, নিহতের আপন ছোট ভাই ঝন্টু মিয়া (২৪), স্ত্রী কাঞ্চন আক্তার (২৩) এবং প্রতিবেশী পাশা বিশ্বাসের ছেলে মাসুদ মিয়া (২২)।

পুলিশ জানায়, অভিযুক্ত ঝন্টু ও তার ভাই উজ্জ্বল মিয়া উভয়েই সিঙ্গাপুর থাকতেন। প্রবাসে থাকার সময় ঝন্টু ফোনে মনিরার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। ঘটনার ৯ দিন আগে উজ্জ্বল বাড়িতে এলে ঝন্টু ও মনিরার সম্পর্কে বিঘ্ন ঘটে। এরপর আসামিরা পূর্ব-পরিকল্পনা অনুযায়ী ১২ অক্টোবর রাত সাড়ে ১১ টার দিকে উজ্জ্বলকে কফির সাথে ঘুমের ওষধ খাইয়ে অচেতন করে। এরপর গলায় গামছা পেঁচিয়ে স্ত্রীর সহযোগিতায় ঝন্টু ও মাসুদ উজ্বলকে শ্বাসরোধ করে হত্যা করেন।

পরে মরদেহ বাড়ির অদূরে ধলেশ্বরী নদীতে নিয়ে যায় এবং ড্রামের সাথে বেঁধে নদীর পানিতে ডুবিয়ে দেয়। এর ১৮ দিন পর ৩০ অক্টোবর ধলেশ্বরী নদী থেকে উজ্জ্বলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় নিহতের বাবা রোকমান মোল্লা বাদী হয়ে সিংগাইর থানায় মামলা করেন।

পুলিশ সুপার মো.বশির আহমেদ বলেন, দেবর-ভাবির অবৈধ সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল উজ্জ্বল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।