সাগরে জলদস্যুর গুলিতে মাঝি নিহত, ১৯ জেলে অপহৃত

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে জলদস্যুদের গুলিতে মোকাররম হোসেন নামে এক মাঝি নিহত হয়েছেন। এ সময় ট্রলারসহ ১৯ জেলেকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা। গত বুধবার রাতে বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে এ ঘটনা ঘটে।

নিহত মোকাররম হোসেন (৪৫) কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিমুদ্দিন সিকদারপাড়ার মৃত জাফর আলমের ছেলে এবং উত্তর ধুরুং ইউপির মহিলা মেম্বার রহিমা বেগমের স্বামী।

কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিম বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরের সোনাদিয়ার পশ্চিমে জলদস্যুর কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার। এ সময় জলদস্যুর গুলিতে এক জেলে নিহত এবং অন্য জেলেরা নিখোঁজ রয়েছেন।

অক্ষত অবস্থায় ফিরে আসা জেলে জয়নাল উদ্দিন বলেন, ‘বাঁশখালী উপজেলার ইসমাঈলের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার ২১ জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যান। মাছ ধরার সময় রাত ২টার দিকে জলদস্যুরা হামলা চালালে মোকাররম গুলিবিদ্ধ হন। পরে জলদস্যুরা আমাকে ও গুলিবিদ্ধ মোকাররমকে আরেকটি ট্রলারে তুলে দিয়ে অন্য জেলেদের অপহরণ করে নিয়ে যায়।’ তিনি বলেন, ‘গুলিবিদ্ধ জেলেকে অন্য ট্রলারের সাহায্যে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে বাঁশখালী এলাকায় তার মৃত্যু হয়।’

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘নিহতের শরীরের বুকের ডান পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’