ভারত সিরিজে ভালো খেলে আইপিএলে দল পাওয়ার লক্ষ্য মার্করামের

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম বেশ উচ্ছ্বসিত। আজ থেকে শুরু হতে যাওয়া ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ নিয়ে তার এই উচ্ছ্বাসের বিশেষ কারণ আছে। সেটা হলো আসন্ন আইপিএল মেগা নিলাম, যা অনুষ্ঠিত হবে সৌদি আরবের জেদ্দায় ২৪ ও ২৫ নভেম্বর। ঠিক নিলামের আগে ভারতের বিপক্ষে চার ম্যাচের এই সিরিজকে মার্করাম ও তার দলের সদস্যদের আইপিএলে দল পাওয়ার এক বড় সুযোগ হিসেবে দেখছেন।

দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা প্রথম থেকেই আইপিএলে অংশগ্রহণ করছেন। তবে এবার নিলামের আগে ভালো পারফরম্যান্স করে আইপিএল দলগুলোর নজর কাড়তে চায় তারা।

 

সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মার্করাম বলেন, 'আমরা সবাই জানি এই সিরিজটি খেলোয়াড়দের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা ভাগ্যবান যে, নিলামের ঠিক আগে ভারতের বিপক্ষে সিরিজ খেলছি।'

মার্করামের মতে, আইপিএলের দলগুলোর দৃষ্টি আকর্ষণ করতে পারাটা এই সিরিজে বাড়তি উদ্দীপনা হিসেবে কাজ করবে। তিনি বলেন, 'ভালো পারফরম্যান্স করার জন্য এটি বাড়তি অনুপ্রেরণা হবে। যদিও আমি মনে করি, দেশের হয়ে ভালো করার জন্য কোনো বিশেষ অনুপ্রেরণার দরকার নেই, তবে এর পরে যা আসবে, সেটি বোনাস হিসেবে কাজ করবে।'

বর্তমান সময়ে আইপিএল ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলোয়াড়দের আয়ের প্রধান উৎস হয়ে উঠেছে। আর আইপিএল খেলে সবচেয়ে বেশি অর্থ ও খ্যাতি অর্জন করা যায়। তাই মার্করাম তার সতীর্থদের আইপিএলে সুযোগ পাওয়ার সম্ভাবনায় আনন্দিত। 

তিনি বলেন, 'আমার মনে হয়, ক্যাম্পে এ নিয়ে খুব বেশি আলোচনা হয় না। তবে যদি কেউ ভালো করে এবং আইপিএলে কোনো সুযোগ পায়, তাহলে আমি সত্যিই ওদের জন্য খুশি হব।'

দক্ষিণ আফ্রিকার দুইজন খেলোয়াড় ইতিমধ্যেই ২০২৫ সালের আইপিএলে অংশগ্রহণ নিশ্চিত করেছেন। সানরাইজার্স হায়দরাবাদ হাইনরিখ ক্লাসেনকে এবং দিল্লি ক্যাপিটালস ট্রিস্টান স্টাবসকে ধরে রেখেছে। এছাড়া দক্ষিণ আফ্রিকার আরও ৯১ জন খেলোয়াড় নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন। আগামী বছরের মার্চ থেকে মে মাসের মধ্যে অনুষ্ঠিত হবে আইপিএলের পরবর্তী আসর।