আমোরিমের মেসেজের অপেক্ষায় নিস্তলরয়

এরিক টেন হাগকে বরখাস্তের পর রুবেন আমোরিমকে প্রধান কোচ করা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে তিনি দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত রুড ফন নিস্তলরয় অন্তবর্তীকালিন কোচের দায়িত্ব সামলাচ্ছেন। তিনি রসিকতা করে বললেন যে, ম্যানইউর নতুন কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পরেও তিনি এখনও রুবেন আমোরিমের মেসেজের অপেক্ষায় আছেন।

এই ডাচ কোচের অধীনে আবার শুরুতেই সাফল্য পেয়েছে ম্যানইউ। এক বছরের বেশি সময় পর ইউরোপে প্রথম জয় এনে দেন, যেখানে আমাদ ডায়াল্লোকে শুরুর একাদশে রাখার তার সিদ্ধান্তটি ছিল অত্যন্ত ফলপ্রসূ; তার দুটি গোলের মাধ্যমে পিএওকে পরাজিত করে ম্যানইউ।

চার ম্যাচের জন্য ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন শেষে রবিবার লেস্টারের বিপক্ষে তার শেষ ম্যাচে কোচিং করাবেন ভ্যান নিস্তলরয়। তবে তার ভবিষ্যৎ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে; আমোরিমের কাছ থেকে তিনি নির্দেশনার অপেক্ষায় আছেন।

তিনি বলেন, ‘রুবেন ব্রাগায় মনোযোগ দিচ্ছেন, আর আমি লেস্টারে। আপাতত এটা দারুণ একটি বিষয়, এবং এটা দেখাচ্ছে যে আমরা দিনকে দিন কাজের প্রতি মনোযোগী এবং দলের সর্বোচ্চটা বের করে আনার চেষ্টা করছি।’

তারপর রসিকতা করে আবার বলেন, ‘ও ব্রাগায় মনোযোগ দিক, আর আমি লেস্টারে মনোযোগ দেই, তারপর দেখা যাবে। এখনই ফোনটা চেক করা দরকার [সে মেসেজ পাঠিয়েছে কিনা]… পরে দেখবো।’