রিজওয়ানের বিশ্বরেকর্ড, হারিসের ৫ উইকেট: পাকিস্তান ফিরল সমতায়

হারিস রউফের গতির তোড়ে ঘরের মাঠে উড়ে গেল অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তারা হেরেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। বল হাতে জ্বলে উঠেছিলেন আরেক পেসার শাহিন আফ্রিদিও। গ্লাভস হাতে ৬ ক্যাচ নিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। এই জয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান।

অ্যাডিলেডে শুরু থেকেই পাকিস্তানি পেস আক্রমণের মুখে পড়ে টস হেরে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছেন স্টিভেন স্মিথ। এছাড়া আর কেউ বিশের ঘরেও যেতে পারেননি। ৮ ওভারে ২৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন রউফ। ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো তিনি পাঁচ উইকেট নিলেন। উইকেটের পেছনে ৬টি ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ড ছুঁয়েছেন রিজওয়ান। ওয়ানডেতে এক ইনিংসে উইকেটকিপাররা ৬ ক্যাচ নিয়েছেন মোট ১২ বার। তবে অধিনায়ক হিসেবে এক ম্যাচ ছয় ডিসমিসাল নিয়েছিলেন আর একজন- ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট ২০০০ সালে।

শাহিন শাহ আফ্রিদি ২৬ রানে নেন ৩ উইকেট। অজিদের মাত্র ৩৫ ওভারেই ১৬৩ রানে গুটিয়ে দিয়ে ব্যাট হাতে জ্বলে ওঠেন পাকিস্তানের ব্যাটাররা। ৭১ বলে ৫ চার এবং ৬ ছক্কায় ৮২ রানের ঝড়ো ইনিংস খেলেন সাইম আইয়ুব। ৬৯ বলে ৪ চার ৩ ছক্কায় ৬৪* রান করা আব্দুল্লাহ শফিকির সঙ্গে তার ওপেনিং জুটিতে আসে ১৩৭ রান। বাকি কাজটা বাবর আজমকে (১৫*) নিয়ে সেরে ফেলেন শফিকি। ১৪১ বল এবং ৯ উইকেট হাতে রেখে জিতে যায় পাকিস্তান।