দুইবার বন্ধ হলো ভারতের জাতীয় সঙ্গীত; হাসলেন ক্রিকেটাররা

ডারবানে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচেই বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়েছেন সঞ্জু স্যামসন। এই ম্যাচের শুরুতে ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ভারতের জাতীয় সঙ্গীত বাজানোর সময় দুইবার বন্ধ হয়ে যায়! এই ঘটনা ঘিরে আয়োজক দেশ হিসাবে লজ্জায় পড়েছে দক্ষিণ আফ্রিকা।

ক্রিকেটীয় রীতি মেনেই খেলা শুরুর আগে মাঠে দাঁড়িয়ে দুই দল জাতীয় সঙ্গীত গাইছিল। ভারতের জাতীয় সঙ্গীত শুরু হওয়ার একটু পরই থেমে যায়। ক্রিকেটাররা বেশ অবাক হয়ে যান। কয়েক সেকেন্ড পর সেটা চালু হলে আবারও তারা গাইতে শুরু করেন। আবার কয়েক সেকেন্ড চলার পর থেমে যায় ভারতের জাতীয় সঙ্গীত! এসময় গ্যালারিতে থাকা ভারতীয় দর্শকরাও বিস্মিত হয়ে এদিক ওদিক দেখছিলেন।

অন্যদিকে মাঠে সারিবদ্ধভাবে দাঁড়ানো সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেলদের হাসতে দেখা যায়। আবারও গান শুরু হলে তারা হাততালি দিয়ে মাঠে থাকা ভারতীয় দর্শকদের গান গাইতে উৎসাহিত করেন। নিজেরাও গলা মেলান। তবে আগের মতো মনোযোগ দিতে পারেননি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ক্রিকেটারেরা হালকাভাবে নিলেও সমর্থকেরা বেজায় চটেছেন। সোশ্যাল মিডিয়ায় তারা ক্ষোভ প্রকাশ করছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে এই ঘটনা নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ডারবানে আগে ব্যাটিংয়ে নেমে স্যামসনের ৫০ বলে ১০৭ রানের বিস্ফোরক ইনিংসে ভর করে ৮ উইকেটে ২০২ রান তোলে ভারত। এই নিয়ে টানা দুই টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন স্যামসন। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও তিনি সেঞ্চরি হাঁকিয়েছিলেন। ভারতের রানপাহাড়ের জবাবে ১৭.৫ ওভারে ১৪১ রানে অল-আউট হয় দক্ষিণ আফ্রিকা।