দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রিকেট বোর্ডেও বড় পরিবর্তন এসেছে। দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। এক যুগের বেশি সময় বিসিবি শাসন করা পাপনের অনেক সমালোচনা হয়। সেই পাপনসহ আরও কয়েকজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন পেসার এবাদত হোসেন।
ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় এবাদত চোটে পড়েছিলেন। দীর্ঘ লড়াই শেষে আজ জাতীয় লিগের ম্যাচ দিয়ে তিনি মাঠে ফিরেছেন। এর আগে দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে বলেন, ‘অস্ত্রোপচারের পর পুনর্বাসনের প্রক্রিয়াটা অনেক ধীরগতির। আমি জিমে ফিরেছি, অনুশীলন করছি। এই যে দীর্ঘসময় পর ধকল নিচ্ছি, সেটার পর প্লায়োমেট্রিক ড্রিলস বা স্পিড ট্রেইনিং করতে হবে।’
তিনি বলেন, ‘মাঝেমধ্যে হতাশ লাগত, খুব খারাপ লাগত। কারণ একই কাজ দিনে দুই তিনবার করা। আসলে পুনর্বাসনের মধ্য দিয়ে যে একবার গেছে সে শুধু বুঝতে পারে কতটা কঠিন সময় এবং কতটুকু মানসিক শক্তির প্রয়োজন। আলহামদুলিল্লাহ সেই কঠিন পথ পাড়ি দিয়ে এসেছি। তবে কষ্টের সময়টা মনে হলে মাঝেমধ্যে খারাপ লাগে। এখন আসলে এতকিছু বলতেও চাই না। কারণ আজ ম্যাচ। দোয়া করবেন আমার জন্য।’
সেই দুঃসময়ে কাকে বেশি পাশে পেয়েছেন- এমন প্রশ্নে এবাদত বলেন, ‘আসলে আমি সবার কাছ থেকেই সমর্থন পেয়েছি। বিসিবির সাবেক সভাপতি, ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান, ম্যানেজার শাহরিয়ার নাফিস ভাই, আমাদের দলের ম্যানেজার নাফিস ইকবাল ভাই, কোচিং স্টাফ ক্রিকেটার সবারই। যখন অ্যাকাডেমিতে ছিলাম, সবাই আমার খবর নিয়েছেন, সুবিধা-অসুবিধা দেখভাল করেছেন। আমি বলব বিসিবির নজরের মধ্যেই ছিলাম এই সময়টা।’
রোহিত-গম্ভীরকে টানা ছয় ঘণ্টা জেরা!
তাবিথের প্রথম সভায় ১৬ বছরের জঞ্জাল সাফে ২৮ এজেন্ডা