জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৩ দফা দাবি ও ইউজিসির পাইলট প্রজেক্টে ঢাবির পাশাপাশি জবিকেও যুক্ত করার দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা ও স্মারকলিপি প্রদানের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
আগামী সোমবার ( ১১ নভেম্বর) শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করবেন বলেন জানান আন্দোলনের সংগঠক এ কে এম রাকিব।
আন্দোলনের সংগঠক এ কে এম রাকিব বলেন, আমরা সোমবার শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা করব এবং তিন দফা দাবি নিয়ে স্মারকলিপি দেব। পাশাপাশি ইউজিসির পাইলট প্রজেক্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে যুক্ত করার দাবিও আমরা সেখানে তুলব। স্মারকলিপি দেওয়ার পর যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ইতিবাচক ঘোষণা না পাই তাহলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেব।
আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান বলেন, ইউজিসির সাম্প্রতিক প্রজেক্ট আবারও মনে করিয়ে দিচ্ছে যে জবিয়ানরা সবসময়ই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৈষম্যের শিকার। আমরা সোমবার শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দিয়েছি। আশা করি এই কর্মসূচির মাধ্যমে তারা আমাদের দাবিগুলো মেনে নেবে। আমাদের দাবি আদায়ের জন্য প্রয়োজন হলে ক্লাস-পরীক্ষা স্থগিতসহ মন্ত্রণালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দিতে বাধ্য হব।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী মো. রাশিদুল ইসলাম বলেন, আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করছি। আমাদের যৌক্তিক দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আগামী সোমবার আমরা শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেব। আমাদের দাবিগুলো পূরণে তারা কোনো উদ্যোগ না নিলে আমরা কঠোর ব্যবস্থা নেব।
শিক্ষার্থীদের তিনটি দাবি হলো- স্বৈরাচারের সময়ে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং ৭ দিনের মধ্যে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ করতে হবে, শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা আসতে হবে- সেনাবাহিনীর হাতে ২য় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করা হয়েছে এবং হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট রূপরেখা দিতে হবে (অগ্রাধিকার ভিত্তিতে হল), অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার আমলে করা সকল অনৈতিক চুক্তি বাতিল করতে হবে।