বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ভারতে পতিত স্বৈরাচার সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত। দেশপ্রেমিক ছাত্র-জনতাকে তাই থেমে গেলে চলবে না, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ফ্যাসিস্ট রাণী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তার অনেক দোসরও রাতের আঁধারে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। পালিয়ে থেকে এসব ফ্যাসিস্টরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেশকে অশান্ত করার হুমকি দিয়ে যাচ্ছে। এদেশের মানুষ তাদের হুমকি ষড়যন্ত্রকে ভয় পায় না।
আজ শনিবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হাপানিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থানীয় পিপরুল ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, শেখ হাসিনার ফাঁস হওয়া সর্বশেষ ফোন কল শুনলেই বোঝা যায় ক্ষমতার জন্য আওয়ামী লীগ কি করতে পারে। তিনি ও তার বাবার ছবি নয়, এবার ডোনাল ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করার জন্য এবং সেই মিছিলে হামলা বা বাঁধা হলে ছবি তুলে তাকে পাঠানোর জন্য তিনি নিদের্শ দিয়েছেন। সেসব ছবি তিনি ডোনাল ট্রাম্পের কাছে পাঠিয়ে বোঝাবেন বাংলাদেশ এখন তার বিরুদ্ধে।
তিনি আরও বলেন, কোনও ষড়যন্ত্রেই আর কাজ হবে না। দেশের মানুষ আওয়ামী লীগকে একবার ঝাড়ুপেটা করে বিদায় করেছে। আর কখনও তাদের এদেশের মানুষ গ্রহণ করবে না। তবুও দেশের আপামর ছাত্র-জনতাকে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের গতিবিধি ও ষড়যন্ত্র সর্ম্পকে সজাগ থাকতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরেরা মনে করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কাজে কর্মে বিঘ্ন ঘটালে বিভিন্ন দেশে বাঁধা দিলে তারা সফল হবে। সে গুড়ে বালি। তাদের দুঃস্বপ্ন আর কখনো সফল হবে না। বাংলাদেশের মাটিতে আর ছাত্র-জনতার ওপর বর্বর গণহত্যা পরিচালনাকারী আওয়ামী লীগকে ঠাই দেওয়া হবে না। এদেশের মানুষ আর তাদের ভাত ভোটের অধিকার হরণকারী আওয়ামী লীগকে সুযোগ দিবে না।
পিপরুল ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির শিকদারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন দুলুর সহধর্মিনী ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, নলডাঙ্গা থানা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।