আ. লীগের কর্মসূচিতে বিশৃঙ্খলা এড়াতে মাঠে পুলিশ

ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন হওয়া আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে ঢাকার গুলিস্তানসহ আশপাশের এলাকায় এরইমধ্যে তৎপরতা শুরু করেছে পুলিশ। রোববার (১০ নভেম্বর) বিকালে

‘নূর হোসেন চত্বরে’ শ্রদ্ধা নিবেদনের এ কর্মূসচি পালনের ঘোষণা দিলেও। শনিবার সন্ধ্যা থেকে পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে তৎপরতা শুরু করেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের এক কর্মকর্তা।

পুলিশ কর্মকর্তা জানান, গুলিস্তান এলাকায় পুলিশ সর্বোচ্চ নজরদারি রেখেছে। যেকোনো ধরনের পরিস্থিতিতে সর্বোচ্চ প্রতিরোধের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

হুসেইন মুহম্মদ এরশাদবিরোধী আন্দোলনের সময় যুবলীগ কর্মী নূর হোসেনকে হত্যার দিনটিতে রোববার ঢাকার জিপিও এলাকার ‘নূর হোসেন চত্বরে’ শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। এটি  ৫ আগস্ট সরকার পতনের পর দলটির প্রথমবারের মত রাজপথের কর্মসূচি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কর্মসূচি ঘিরে সবাইকে জমায়েতের আহ্বান জানালেও  আওয়ামী লীগের পক্ষ থেকে অনুমতি চেয়ে কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়ানোর জন্য ঢাকা মহানগর পুলিশ সর্বোচ্চ প্রস্তুত আছে।  

পুলিশ সদস্যরা জানান, প্রতি মুহূ্র্তে নতুন নতুন নির্দেশনা আসছে। সে অনুযায়ী মাঠপর্যায়ে কাজ চলছে। ডিফারেন্ট অ্যাঙ্গেলে পুলিশ প্রস্তুতি রয়েছে। কেউ কিছু করতে চাইলে আগেই পুলিশের বাধার মুখে পড়বে, ধরা পড়ে যাবে।