ঝিনাইদহের কালীগঞ্জে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শনিবার সকালে উপজেলার কোলা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে কোলা বাজারে বসে ছিলেন কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার হোসেন মোল্লা। সে সময় রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। কোলা বাজারে আধিপত্য বিস্তার নিয়ে গোলাম সরোয়ার হোসেন মোল্লার সঙ্গে পাশের জামাল ইউনিয়নের বিএনপি নেতা হারুনের বিরোধ চলে আসছিল। তারই জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
কালীগঞ্জ থানার ওসি মানিক কুমার জানান, পূর্বশক্রতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
