নান্দাইলে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ময়মনসিংহের নান্দাইলে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের চারিআনি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রহমতুল্লাহ (৪৫) ও হাবিবুল্লাহ (১৯)। আহতরা হলেন- নেজাতুল ইসলাম (২৫), আ. সালাম (৬০) ও রাসেল (৩০)। এরমধ্যে নেজাতুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গতকাল রাতে ধোবাউড়া থেকে সিলেটগামী একটি নাইট কোচ চারিআনি পাড়া এলাকায় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার ৫ যাত্রী আহত হন। তখন স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহত অবস্থায় পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরিক্ষা শেষে সেখানকার কর্তব্যরত চিকিৎসক হাবিবুল্লাহ ও রহমতুল্লাহকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে নেজাতুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি খোরশেদ আলম জানান, ‘আমরা বাসটি আটক করতে সক্ষম হয়েছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’