এই সরকার ব্যর্থ হলে, দেশে মহাদুর্যোগ নেমে আসবে: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় দেশের উপর মহাদুর্যোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। গতকাল শনিবার সন্ধ্যায় খুলনার শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে শিরোমনি হাফিজিয়া মাদ্রাসার ৬৫তম ওয়াজ মাহফিল এবং দেস্তারবন্দ অনুষ্ঠানের দ্বিতীয় দিনের প্রধান মেহমানের বক্তৃতায় তিনি একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নসহ দেশের সর্বাবস্থায় স্বাভাবিক পরিস্থিতি আনার পর একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যদিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব থেকে বিদায় নেবে। যারাই নির্বাচনের মাধ্যমে বিজয়ী হবে তাদের হাতে দায়িত্ব দিয়ে বিদায় নেওয়াই এ সরকারের কাজ। আল্লাহ না করুক- অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় দেশের উপর মহাদুর্যোগ নেমে আসবে। এজন্য সচেতন থাকতে হবে, পাহারাদারি করতে হবে।’

তিনি বলেন, ‘এবার এক লাখ টাকারও বেশি হজের খরচ কমিয়েছে সরকার। এছাড়া হজযাত্রীদের সরাসরি ফ্লাইটসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জাহাজেও যাতে হজে যাওয়ার সুযোগ সৃষ্টি হয় সে চেষ্টাও করছে বর্তমান সরকার।’

এ সময় উপদেষ্টা শিরোমনি হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ক্বারী আব্দুল হক ও খুলনার দারুল কুরআন সিদ্দিকিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।