পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে জামালপুরে আকাশ মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনা বাহিনী। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনায় সোহেল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।
এর আগে রবিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পৌর শহর থেকে জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আকাশ মিয়া (২২) ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ জানায়, আকাশ মাঝে মধ্যেই নেশার টাকার জন্য তার বাবা-মাকে নির্যাতন করত। রবিবার রাতে আকাশ নেশার টাকা চেয়ে না পেয়ে উত্তেজিত হয়ে ঘরে রাখা পবিত্র কোরআন ছিড়ে নোংরা জায়গায় ফেলে দেয়। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ জনতা তাকে বোর্ডঘর এলাকা থেকে আটক করে মারধর শুরু করে। এ সময় আকাশ প্রাণভয়ে দৌঁড়ে একটি দোকান ঘরে গিয়ে আশ্রয় নেয়। পরে খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ ও সেনা বাহিনীর যৌথ হস্তক্ষেপে আকাশকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.ইয়াহিয়া আল মামুন জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে তার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
