জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ হয়নি: দুদক

বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্টের কোন টাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আত্মসাৎ করেননি বলেই সর্বোচ্চ আদালতকে জানালেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী।

এই ট্রাস্টের টাকা আত্মসাতের অভিযোগেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়িয়ে হাইকোর্ট ১০ বছরের কারাদণ্ড দেন। সেই বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানি হয় আজ রোববার (১০ নভেম্বর)।

শুনানিতে দুদকের আইনজীবী জানান, মামলার নথিপত্র অনুযায়ী দেখা যায় ট্রাস্টের দুই কোটি ৩৩ লাখ টাকা ট্রান্সফার হয়েছে কিন্তু কেউ তা আত্মসাৎ করেনি।

এ সময় আদালতে এ মামলায় খালেদা জিয়ার দেওয়া ১৫০ পৃষ্ঠার জবানবন্দিকে ঐতিহাসিক দলীল উল্লেখ করে কিছু অংশ আপিল বেঞ্চের সামনে পড়ে শোনানো হয়। আদালতে খালেদা জিয়ার জবানবন্দিকে কবি নজরুলের রাজবন্দির জবানবন্দির সঙ্গেও তুলনা করেন আইনজীবী।

এদিকে এ মামলায় আগামীকাল লিভ টু আপিলের আদেশের দিন নির্ধারণ করেছে আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন। 

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল জানান, কোনো অনিয়ম না হলেও কেবল রাজনৈতিক প্রতিহিংসার কারণে ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসনকে প্রথমে পাঁচ বছরের সাজা দেওয়া হয়। পরে খালেদা জিয়া আপিল আবেদন করলে হাইকোর্ট সাজা আরও পাঁচ বছর বাড়িয়ে দশ বছর কারাদণ্ডের রায় দেন।

পরবর্তীতে আইনজীবী জয়নুল আবেদীন বলেন, আমরা আইনগতভাবে এই মামলার মোকাবিলা করব। খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে এই রায় দেওয়া হয়।