গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত যেসব আসামি রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করেননি, তাদের আর আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
চিফ প্রসিকিউটর বলেন, ‘আমাদের যে আইনের ২১ (৩) এ পরিষ্কার করে বলেছে, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। ৩০ দিনের মধ্যে যদি আপিল করা না যায়, তাহলে পরে আর কোনো আপিল গ্রহণযোগ্য হবে না।’
তিনি বলেন, ‘সেটা যে কারো আপিলই হোক, সেটা হোক শেখ হাসিনার, সেটা হোক মাওলানা আবুল কালাম আজাদের অর্থাৎ যে কোনো পলাতক আসামি অথবা যারা জেলে আছে, তাকে অবশ্যই আপিলটা ফাইল করতে হবে ৩০ দিনের মধ্যে।’
তিনি আরও বলেন, কোনো কারণে যদি কেউ পলাতক হোক কিংবা অন্য কোনো কারণে হোক’; কেউ যদি ৩০ দিনের মধ্যে এসে আপিল ফাইল না করেন। তাহলে কিন্তু ওই আসামির পক্ষে আর আপিল দায়েরের সুযোগ থাকবে না।