ট্রাম্প জয়ী হওয়ায় দেশ ছাড়তে চান ইলন মাস্কের মেয়ে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর দেশটিতে নিজের কোনো ভবিষ্যৎ দেখছেন না ইলন মাস্কের ট্রান্সজেন্ডার মেয়ে ভিভিয়ান জেনা উইলসন। এ জন্য তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। খবর নিউইয়র্ক পোস্টের।

গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স ও জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (আগের নাম টুইটার)-এর মালিক বিলিয়নিয়ার ব্যবসায়ী ইলন মাস্কের ১২ ছেলেমেয়ে। এর মধ্যে একজন শৈশবেই মারা গেছে। অর্থাৎ এখন তার ছেলেমেয়ের সংখ্যা ১১ জন। তাদের বয়স ১ থেকে ২০ বছরের মধ্যে।
 
প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের সন্তান ভিভিয়ান জেনা উইলসন তাদের একজন। মজার ব্যাপার হচ্ছে, ছেলে হিসেবে জন্ম ও বেড়ে উঠেছিলেন ভিভিয়ান। নাম ছিল জাস্টিন উইলসন। কিন্তু ২০২২ সালে ১৮ বছর বয়স হওয়ার পর লিঙ্গ বদলে জাস্টিন হয়ে যান ভিভিয়ান।
 
লিঙ্গ বদলে ফেলার বাবা ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন ভিভিয়ান। আর ট্রাম্পের জয়ের পর এখন যুক্তরাষ্ট্রের সঙ্গেই সম্পর্ক ছিন্ন করতে চাইছেন তিনি। 

ট্রাম্প জয়ের পর বুধবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্ট দেন ভিভিয়ান। লেখেন, আমি কিছু সময়ের জন্য ভাবনা-চিন্তার মধ্যে ছিলাম। কিন্তু গতকাল আমি মনস্থির করে ফেলেছি। যুক্তরাষ্ট্রে থাকার মধ্যে আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না।

সম্প্রতি জীবনীকার ওয়াল্টার ইসাকসনের সঙ্গে এক আলাপচারিতায় মাস্ক বলেন, প্রথম সন্তান নেভাদা আলেক্সান্ডার মাস্কের মৃত্যুতে যতটা না কষ্ট পেয়েছিলাম, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি মেয়ে ভিভিয়ান জেনা উইলসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে। আমি আমার ছেলেকে হারিয়েছি এবং উইলসন এখন আমার কাছে ‘মৃত’।