গৃহবধূকে হত্যার পর ডিপফ্রিজে লুকিয়ে রেখেছিল লাশ

বগুড়ার দুপচাঁচিয়ায় ছালমা খাতুন (৫৫) নামে এক গৃহবধূকে হত্যার পর লাশ ডিপফ্রিজে লুকিয়ে রেখেছিল দুর্বৃত্তরা। শনিবার (৯ নভেম্বর) বেলা ২টার দিকে দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়া এলাকায় এমন ঘটনা ঘটে।

নিহত ছালমা খাতুন ওই এলাকার দারুস সালাম কিন্ডার গার্টেন মাদ্রাসার প্রধান শিক্ষক আজিজার রহমানের স্ত্রী।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত ছালমা খাতুন শনিবার দুপুর দেড়টার দিকে জয়পুরপাড়ায় নিজ বাড়িতে ছিলেন। এসময় বাসায় পরিবারের আর কেউ ছিলেন না। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে ছালমা খাতুনকে হত্যার পর লাশ ডিপফ্রিজের ভেতরে রেখে দেয়।পরে গেটে তালা মেরে বাসার কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বেলা ২টার দিকে তালা ভেঙে পরিবারের লোকজন বাসায় এসে ছালমা খাতুনকে খুঁজতে থাকে। একপর্যায়ে বাড়ির লোকজন ডিপফ্রিজে খুলে গলায় ওড়না পেচানো অবস্থায় ছালমা খাতুনকে দেখতে পান। এসময় স্বজনরা তাকে উদ্ধার করে বেলা আড়াইটার দিকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত হচ্ছে।