উ. কোরিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি রাশিয়ার

উত্তর কোরিয়ার সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। গতকাল রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ে শীর্ষ বৈঠকের পর গত জুন মাসে পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন স্বাক্ষরিত এ চুক্তিতে সশস্ত্র হামলার ক্ষেত্রে একে অন্যের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

চলতি সপ্তাহে রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ চুক্তিটি অনুমোদন করে। আর পার্লামেন্টের নিম্নকক্ষ গত মাসেই তা অনুমোদন করেছিল। এ অনুমোদনের বিষয়টি পুতিন আইন হিসেবে স্বাক্ষর করেন, যা আইনি প্রক্রিয়ার রূপরেখাসহ শনিবার দেশটির সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

সাম্প্রতিককালে সম্পর্ক জোরদারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে মস্কো ও পিয়ংইয়ং। এ চুক্তির ফলে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ঘনিষ্ঠ হলো। দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা দেশগুলোর অভিযোগ, উত্তর কোরিয়া রাশিয়াকে সামরিক সহায়তা দিয়েছে। ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, উত্তর কোরিয়া রাশিয়ায় ১১ হাজার সৈন্য পাঠিয়েছে এবং তাদের কেউ কেউ রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় এলাকা কুরস্কে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে প্রত্যক্ষ লড়াই করছে।