সেখ বশিরকে উপদেষ্টা, গণঅধিকার পরিষদের মশাল মিছিল

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ায় শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনের বিরুদ্ধে বঙ্গভবনের সামনে মশাল মিছিল করেছে গণ-অধিকার পরিষদের নেতাকর্মীরা। এসময় তাদেরকে ‘আওয়ামী লীগের উপদেষ্টা মানি না, মানব না’ ইত্যাদি বলে স্লোগান দিতে শোনা যায়।

রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ ৩ উপদেষ্টার শপথ অনুষ্ঠানের পর এ মিছিল করা হয়। শপথ নেওয়া নতুন উপদেষ্টাদের মধ্যে সেখ বশির উদ্দিনকে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, নতুন উপদেষ্টা হিসেবে সেখ বশির উদ্দিন শপথ নেওয়ার পর রাতে ছাত্র-জনতা পরিচয় দিয়ে একদল মানুষ বঙ্গভবনের সামনে মশাল মিছিল করে প্রতিবাদ করেন। তাদের দাবি, নতুন উপদেষ্টা বশির উদ্দিন শেখ হাসিনার উপদেষ্টা। বাংলার মাটিতে হাসিনার কোনো উপদেষ্টাকে মেনে নেওয়া হবে না।

বঙ্গভবনের সামনে মশাল মিছিল নিয়ে প্রতিবাদকারীরা আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা পুলিশি বাধা উপেক্ষা করে বঙ্গভবনে প্রবেশের চেষ্টা করেন। তবে পুলিশি বাধায় তা সম্ভব হয়নি।

হাজারও প্রাণের বিনিময়ে আসা অন্তর্বর্তী সরকারে বশির উদ্দিনের ঠাঁই হলো কীভাবে, এ নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। তারা অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে সেখ বশিরকে সরিয়ে দেওয়ার দাবি জানান। 

 
মশাল মিছিলে অংশ নেওয়া গণপরিষদের এক কর্মী বলেন, ‘আওয়ামী লীগের সাবেক এমপি আফিল উদ্দিনের ভাইকে উপদেষ্টা পরিষদে কোনোভাবে মেনে নেয়া হবে না।’

এক প্রতিবাদকারী বলেন, ‘ড. ইউনূস আওয়ামী লীগের একজনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। আমরা ছাত্র-জনতা রক্ত দিয়েছি। হুঁশিয়ার-সাবধান। মানি না মানব না, আওয়ামী লীগের উপদেষ্টা মানি না।’