দুদক পুনর্গঠনে বাছাই কমিটি গঠন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট বাছাই কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার এ কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি হলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক। সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশে^র মোনেম ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের সুপারিশ প্রদানের জন্য দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ৭ ধারা অনুযায়ী পাঁচজনের সমন্বয়ে একটি বাছাই কমিটি গঠন করা হলো। বাছাই কমিটি দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সুপারিশ প্রদানের উদ্দেশ্যে উপস্থিত সদস্যদের অন্যূন তিনজনের সিদ্ধান্তের ভিত্তিতে কমিশনারের শূন্য প্রতিটি পদের বিপরীতে দুজন ব্যক্তির নামের তালিকা রাষ্ট্রপতির কাছে প্রেরণ করবেন। অন্যূন চারজন সদস্যের উপস্থিতিতে বাছাই কমিটির কোরাম গঠিত হবে। মন্ত্রিপরিষদ সচিব বাছাই কমিটির কার্যসম্পাদনে সাচিবিক সহায়তা প্রদান করবে।

জানা গেছে, গত ২৯ অক্টোবর দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুুল্লাহ, দুই কমিশনার মো. জহুরুল হক ও আছিয়া খাতুন পদত্যাগ করেন। তারা মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দাখিল করেন। এর দুদিন পর ৩১ অক্টোবর তাদের পদত্যাগ কার্যকর হয়। পদত্যাগপত্র কার্যকরের ১০ দিন পর দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের সার্চ কমিটি গঠন করা হয়।

দুদকের কর্মকর্তারা বলেছেন, আইন অনুযায়ী তিনজনের সমন্বয়ে দুদক গঠিত হয়। তাদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। কমিশনের মেয়াদ থাকে পাঁচ বছর। ২০২১ সালের ৩ মার্চ কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহকে দুদক চেয়ারম্যানের নিয়োগ দেয় সরকার। একই দিন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান মো. জহুরুল হককে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০২১ সালের ১০ মার্চ দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনার যোগদান করেন। তাদের ২০২৫ সালের ৯ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করার কথা ছিল। আর কমিশনার (অনুসন্ধান) আছিয়া খাতুন ২০২৩ সালের ২ জুলাই দুদকে যোগদান করেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার গত ৫ আগস্ট পতনের ২ মাস ২৪ দিন পর দুদক চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগ করেন।