ডুমুরিয়ায় জামায়াতের হিন্দু কমিটি গঠন

খুলনার ডুমুরিয়ায় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী। রবিবার উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় হিন্দু সম্প্রদায়ের লোকদের নিয়ে কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হয়েছেন হিন্দু নেতা কৃষ্ণপদ নন্দী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেব প্রসাদ।

সভায় কৃষ্ণ নন্দীকে সভাপতি, অধ্যক্ষ দেব প্রসাদকে সাধারণ সম্পাদক ও  গৌতম মন্ডলকে কোষাধ্যক্ষ করে ১১ সদস্যবিশিষ্ট ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

কমিটিতে সহসভাপতি প্রশান্ত মন্ডল, ডা. হরিদাস মন্ডল ও কানাই লাল কর্মকার, সহসাধারণ সম্পাদক বুদ্ধদেব মন্ডল এবং অমূল্য কুমার সরকার, পুলকেশ মন্ডল, বিপ্লব সরকার, প্রদীপ কুমার সরকারকে সদস্য ঘোষণা করেন।

তিনি আগামী এক সপ্তাহের মধ্যে ঘোষিত এই কমিটিকে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের জন্য দায়িত্ব দেন।

উপজেলা আমির মাওলানা মোক্তার হোসেনের সভাপতিত্বে এবং দক্ষিণের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান ও উত্তরের সেক্রেটারি বিএম আলমগীর হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন- খুলনা জেলা আমির মাওলানা এমরান হোসাইন, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা।