কেরানীগঞ্জ থেকে অপহৃত শিশু ফেনীতে উদ্ধার, গ্রেপ্তার ১

ঢাকার কেরানীগঞ্জে মডেল এলাকা থেকে অপহৃত ৭ বছরের শিশু জান্নাতকে ফেনী থেকে উদ্ধার করেছে র‌্যাব। ফেনী পৌরসভার মধ্যম রামপুর থেকে শিশু জান্নাতকে উদ্ধারসহ বিল্লাল মিয়া নামে এক অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃ বিল্লালের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার উত্তর গোজাকুড়া গ্রামে।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

তিনি জানান, কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় সাজিয়া আক্তার দীর্ঘদিন ধরে তার পরিবারের সঙ্গে বাস করে আসছিলেন। গত ৮ নভেম্বর তার সাত বছরের মেয়ে জান্নাত খাতুন তাদের বসতবাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। ওই দিন বিকেল তিনটা বাজলেও জান্নাত ঘরে ফিরে না আসলে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুজির এক পর্যায়ে একই দিন সন্ধ্যায় এক অজ্ঞাত নম্বর থেকে কল করা হয়। ফোন কলে জানানো হয়, জান্নাতকে জীবিত ফেরত চাইলে ১ লাখ টাকা মুক্তিপণ বাবদ দিতে হবে।

অন্যথায় তারা জান্নাতকে মেরে ফেলবে। এ কথা শুনে জান্নাতের মা অপহরণকারীর দেওয়া একটি নম্বরে বিকাশ করে ১০ হাজার টাকা পাঠান। এরপর ৯০ হাজার টাকা পাওয়ার জন্য জান্নাতের মাকে হুমকি দেওয়া হয়। পরে জান্নাতের মা সাজিয়া বিষয়টি গত ১০ নভেম্বর কেরানীগঞ্জ মডেল থানায় জানান এবং একটি মামলা করেন। সেই মামলায় ছায়া তদন্ত করতে নামে র‌্যাব। এক পর্যায়ে তারা জানতে পারেন জান্নাতকে ফেনীতে রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে সাত বছরের শিশু জান্নাতকে উদ্ধারের পাশাপাশি তারা অপহরণকারীকে গ্রেপ্তার করেন।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল শিশু ভিকটিম জান্নাতকে অপহরণের বিষয়টি স্বীকার করেছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।