টেকনাফে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে ৪ হাজার ৭৪০ পিস ইয়াবাসহ রায়লা বেগম (৫৫) নামের এক নারীকে আটক করেছে বিজিবি। সোমবার (১১ নভেম্বর) সকালে টেকনাফ দমদমিয়া চেকপোস্টে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে এসব উদ্ধার করা হয়। আটককৃত নারী উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মৃত তৈয়ব গোলালের মেয়ে।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, সোমবার সকাল ৮টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশির জন্য থামানো হয়। তল্লাশির এক পর্যায়ে বাসে থাকা এক নারী যাত্রীর (৫৫) আচরণ সন্দেহজনক মনে হয়। পরে চেকপোস্টে কর্তব্যরত মহিলা বিজিবি সদস্যরা ওই নারীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করেন। তল্লাশিকালে তার হাতে থাকা নাস্তার ব্যাগে অভিনব কায়দায় লুকানো ৪ হাজার ৭৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ইয়াবাসহ আটক নারীকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে। মাদক নির্মূলে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে।