অধিনায়কত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে দায়িত্বে রাখলেও হয়তো প্রকৃতিই তাকে চায়নি এই পদে। না হলে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে টান লেগে ছিঁড়ে যায় পেশি, আর চলে যেতে হয় মাঠের বাইরে! আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শিরোপা নির্ধারণী ওয়ানডেতে খেলা হয়নি শান্তর, আরব আমিরাত থেকেই তাকে দেশে ফিরতে হবে।
ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে তার খেলা হচ্ছে না, বিসিবি থেকে পাঠানো বার্তায় জানিয়ে দেওয়া হয়েছে দুঃসংবাদ। ডাক্তার দেবাশীষ বলেছেন, (রবিবার) শারজায় তার এমআরআই করানো হয়েছে এবং তার বাম কুঁচকির পেশিতে গ্রেড-টু স্ট্রেইন ধরা পড়েছে। সিরিজের তৃতীয় ওয়ানডের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও শান্ত খেলতে পারবেন না। শান্তর অবর্তমানে সহঅধিনায়ক মেহেদী হাসান মিরাজকেই সামলাতে হবে দল। শান্তর বিকল্প হিসেবে একজন মিডল অর্ডার ব্যাটসম্যানের খোঁজে নির্বাচকরা। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন দেশ রূপান্তরকে বলেছেন, ‘আসলে আমরা তিনজন (তিন নির্বাচক) তিন জায়গায়, তাই আমাদের মধ্যে যোগাযোগটা হয়নি। হলেই আমরা চূড়ান্ত সিদ্ধান্তটা দিয়ে দেব। তবে বিকল্প খুব বেশি নেই, তিন-চারজনের নাম আছে যেটা আপনারা চাইলেই বের করে ফেলতে পারবেন।’ টেস্ট দলে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন চট্টগ্রামের হয়ে গতকাল সেঞ্চুরি করা শাহাদাত হোসেন দীপু।