প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জানুয়ারিতে বাংলাদেশে আসছেন ফিফা প্রেসিডেন্ট

আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে আজ (মঙ্গলবার) ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দেখা করেছেন মুহাম্মদ ইউনূস। জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগদানের জন্য ফিফা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ইনফান্তিনো মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেছেন।

প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পেজ থেকে এই তথ্য জানানো হয়। সেখানে ইনফান্তিনো ও ইউনূসের ছবি দিয়ে লেখা হয় ‘ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেছেন। আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন তিনি। প্রধান উপদেষ্টা আসন্ন যুব উৎসবে যোগদানের জন্য তাকে আমন্ত্রণ জানান এবং বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে তার সহযোগিতা চান।'

বাংলাদেশ নারী ফুটবল দল দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে গেল মাসে। এবার সাফ জেতার পর নারী ফুটবল দলকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা। সেখানে সকালের নাশতায় প্রধান উপদেষ্টার কাছে নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেছিলেন নারী ফুটবলাররা।

তখন দলের পক্ষ থেকে এক খেলোয়াড় প্রধান উপদেষ্টাকে জানান বিশ্বের নামী ক্লাবের সঙ্গে ফুটবল খেলার ইচ্ছের কথা।

বাংলাদেশ নারী ফুটবল দল নিজেদের চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা শক্তিশালী দলগুলোর সঙ্গে ম্যাচ খেলার সুযোগ পায় না। এমনও হয়েছে, নারী ফুটবল দল ৯ মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ পাননি। বাফুফে তাদের জন্য ম্যাচের আয়োজন করতে পারেনি, আর্থিক সংকটের অজুহাত দেখিয়ে মেয়েদের অলিম্পিক বাছাই খেলতে মিয়ানমারে না পাঠানোর ঘটনাও আছে।

বাকুতে সম্মেলনের প্রথমদিনে বিশ্বের অন্তত ২০টি দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দেখা করেছেন মুহাম্মদ ইউনূস।