কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হ্যান্ডগ্রেনেড, দেশিয় বন্দুক ও গুলিসহ আরসা’র শীর্ষ সন্ত্রাসী সৈয়দুল আমিনকে (২৪) গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ। সোমবার (১১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৭ ব্লক থেকে এসব উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আরসা সন্ত্রাসী একই ব্লকের মৃত ইউছুফ আলীর ছেলে।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ( এপিবিএন ) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) মো. আমির জাফর বলেন, সোমবার মধ্যরাতে এম-১৭ ব্লকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা’র কতিপয় সদস্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সশস্ত্র অবস্থান করছে এমন খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন সন্দেহজনক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে গ্রেপ্তার ব্যক্তির সাথে থাকা ব্যাগ থেকে দেশিয় তৈরী ১টি বন্দুক, ৪ টি কার্তুজ ও ১ টি হ্যান্ডগ্রেনেড পাওয়া যায়।
এপিবিএন এর কর্মকর্তা বলেন, গ্রেপ্তার সৈয়দুল আমিন সশস্ত্র সংগঠন আরসা’র সক্রিয় শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৭টি হত্যাসহ নানা অভিযোগে উখিয়া থানায় ৯টি মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
এডিআইজি আমির জাফর জানান, গ্রেপ্তার সৈয়দুল আমিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।
এর আগে শনিবার (৯ নভেম্বর) মধ্যরাতে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন মরাগাছ তলা এলাকা থেকে ৪টি হ্যান্ডগ্রেনেড এবং সোমবার ভোরে ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লক থেকে ১টি হ্যান্ডগ্রেনেড উদ্ধার করেছিল এপিবিএন পুলিশ।