সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ার পর হাসপাতালে ছিলেন এক মাস। বেশ কয়েকটি অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং এক সপ্তাহেরও বেশি সময় আইসিইউয়ে ছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। মঙ্গলবার সেখানে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ইকুয়েডরের আন্তর্জাতিক ফুটবলার মার্কো আঙ্গুলো। মাত্র ২২ বছর বয়সেই চলে গেলেন তিনি।
আঙ্গুলো ২০২২ সালের নভেম্বরে ইরাকের বিপক্ষে এক প্রীতি ম্যাচ দিয়ে ইকুয়েডর জাতীয় দলের হয়ে প্রথম মাঠে নামেন। দেশের হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন।
এমএলএস ক্লাব এফসি সিনসিনাটির মিডফিল্ডার ধারে গত মার্চে ইকুয়েডরের এলডিইউ ক্লাব যোগ দেন। মোট ১৬টি ম্যাচ খেলেছেন। সর্বশেষটি ছিল গত ৬ অক্টোবর। পরদিন রাজধানী কুইটোর দক্ষিণে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হন তিনি। নিহত হন ইন্ডিপেনডিয়েন্তে দেল ভাল্লের ফুটবলার রবার্তো কাবেজাস এবং ভিক্টর কারকোপা। গাড়িতে আরও দুইজন যাত্রী ছিলেন, তবে তাঁদের অবস্থা এখনও জানা যায়নি।