রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় সাব্বির (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টায় মৃত ঘোষণা করেন।
নিহত সাব্বির টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার রামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি মানিকগঞ্জে ওয়ালটন কোম্পানিতে অফিস সহকারী হিসেবে চাকরি করতেন।
নিহতের বড় ভাই ফিরোজ আহমেদ জানান, মানিকগঞ্জের দৌলতপুরে ওয়ালটন কোম্পানিতে অফিস সহকারী হিসেবে চাকরি করেন সাব্বির, থাকেন সেখানেই। পদোন্নতি পরীক্ষা দিতে মঙ্গলবার ঢাকার ভাটারা এলাকায় এসেছিলেন। পরীক্ষা শেষে ফেরার জন্য রওনা হলে দুর্ঘটনার শিকার হন। জানতে পেরেছি কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের সঙ্গে লাগে। তখন স্থানীয়রা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ২ মাস আগেই তার ভাইয়ের বিয়ে ঠিক করা হয়। কিছুদিন পরই অনুষ্ঠান করার কথা ছিল।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।