গম্ভীরকে ‘রগচটা’ বলে আগুনে ঘি ঢাললেন পন্টিং

ভারতের সাবেক ওপেনার তথা বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরের মেজাজ সম্পর্কে সবারই জানা আছে। বিরাট কোহলির সঙ্গেই তার হুটহাট লেগে যেত একটা সময়! সম্প্রতি বিরাট কোহলিকে নিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংয়ের একটি মন্তব্যের কড়া জবাব দিয়েছেন গম্ভীর। ভারতের প্রধান কোচের এমন জবাবে পন্টিং নাকি অবাক হননি।

ঘটনার শুরু পন্টিংয়ের মন্তব্য থেকে। কোহলির ফর্ম নিয়ে সম্প্রতি ‘আইসিসি রিভিউ’তে পন্টিং বলেন, ‘কোহলির একটি পরিসংখ্যান সেদিন দেখলাম যে, গত পাঁচ বছরে সে স্রেফ দুটি টেস্ট সেঞ্চুরি করেছে। পরিসংখ্যানটিকে আমার ঠিক মনে হয়নি। তবে এটা যদি ঠিক হয়, তাহলে ব্যাপারটি নিয়ে দুর্ভাবনার কারণ আছে। অন্য কেউ যদি পাঁচ বছরে দুটি সেঞ্চুরি করত, তাহলে তাকে হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে দেখাই যেত না।’

পন্টিংয়ের এই বক্তব্যের জবাবে গত সোমবার প্রকাশ্য সংবাদ সম্মেলনে গম্ভীর বলেছিলেন, ‘কোনো দুর্ভাবনা নেই (কোহলি-রোহিতকে নিয়ে)। ভারতীয় ক্রিকেট নিয়ে পন্টিংয়ের এত ভাবনা কেন? তার উচিত অস্ট্রেলিয়ান ক্রিকেট নিয়ে চিন্তা করা। আমার কোনো দুশ্চিন্তা নেই (ওই দুজনকে নিয়ে)। ওরা দুজন অবিশ্বাস্য কঠিন মানসিকতার, ভারতীয় ক্রিকেটের জন্য অনেক অর্জন করেছে এবং ভবিষ্যতেও করবে।’

আইপিএলে দিল্লি ক্যাপিটলাসে একসাথে ছিল গম্ভীর আর পন্টিং। গতবছর গম্ভীর যোগ দেন কলকাতায় আর এবার পন্টিং গেছেন মুম্বাইয়ে। সাবেক সহকর্মীকে নিয়ে গম্ভীরের এই জবাবের পর খোদ ভারতেই সমালোচনা তৈরি হয়েছে। পন্টিং কেন বাদ যাবেন? অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম 'সেভেন নিউজ'কে পন্টিং বলেছেন, ‘প্রতিক্রিয়াটি পড়ে বিস্মিত হয়েছি। তবে (ভারতের) কোচ গৌতম গম্ভীরকে যতটা জানি...সে বেশ রগচটা। তাই তার কাছ থেকে এমন উত্তরে আমি অবাক হইনি।’

পিন্টং আরও বলেছেন, ‘কোহলিকে জিজ্ঞেস করুন, আমি নিশ্চিত, কোহলিও আগের বছরের তুলনায় এবার সমসংখ্যক সেঞ্চুরি করতে না পারার দুশ্চিন্তায় ভুগছে। কোনোভাবেই এটা তার প্রতি খোঁচা ছিল না। আমি আসলে তারপর এটাও বলেছি, সে অস্ট্রেলিয়ায় ভালো খেলেছে এবং সে এখানে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে।’ পন্টিং এরপর বলেছেন, ‘কিন্তু সে ক্লাস খেলোয়াড় এবং অতীতেও অস্ট্রেলিয়ায় ভালো খেলেছে।’