স্পেনের ফুটবল আইকন আন্দ্রেস ইনিয়েস্তা তার বিদায় উপলক্ষে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন। যেখানে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকারা টোকিওর আজিনোমোতো স্টেডিয়ামে ১৫ ডিসেম্বর মুখোমুখি হবেন।
মঙ্গলবার আয়োজকরা এই তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
‘এল ক্লাসিকো ইন টোকিও’ নামে এই ম্যাচে ৪০ বছর বয়সী ইনিয়েস্তা বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের অন্যান্য সাবেক তারকাদের সঙ্গে মাঠে নামবেন, যাদের মধ্যে থাকবেন জাভি হার্নান্দেজ, রিভালদো, হাভিয়ের মাসচেরানো, লুইস ফিগো, রবার্তো কার্লোস ও ইকার ক্যাসিয়াস।
স্পেন এবং বার্সেলোনার সাবেক মিডফিল্ডার ইনিয়েস্তা ২৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে গত ৮ অক্টোবর অবসর ঘোষণা করেন। তার ক্যারিয়ারে তিনি চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয় করেছেন। ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে নেদারল্যান্ডসের বিপক্ষে একমাত্র গোলটি করে স্পেনকে ১-০ ব্যবধানে জয় এনে দিয়েছিলেন ইনিয়েস্তা।
এই প্রতিভাবান প্লেমেকার ২০২৩ সালের গ্রীষ্ম পর্যন্ত জাপানের ক্লাব ভিসেল কোবেতে পাঁচ বছর ছয় মাস খেলেছেন, যেখানে তিনি তাদের প্রথম বড় শিরোপা এনে দেন – ২০২০ সালের নববর্ষের দিন এম্পেরর্স কাপ। এরপর তিনি তার ক্যারিয়ারের শেষ সময়টি কাটান সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ক্লাবে।
এখন পর্যন্ত প্রদর্শনী ম্যাচে অংশগ্রহণের জন্য যেসব খেলোয়াড়দের নাম ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে বার্সেলোনার সাবেক খেলোয়াড় বোয়ান ক্রিকিচ, রাফা মার্কেজ, লুডোভিক জিউলি, আদ্রিয়ানো, সাবিওলা এবং রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় জুলিও ব্যাপটিস্টা, স্টিভ ম্যাকম্যানামান, সাবিও এবং ইভান ক্যাম্পো রয়েছেন।
আরও কয়েকজন তারকা খেলোয়াড়ের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ম্যাচটির আয়োজকরা।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত বা পাকিস্তান সরে গেলে কত টাকা ক্ষতি হবে আইসিসির
সুইপের ফাঁদে তাওহীদ হৃদয়