কাকে উপদেষ্টা বানাবেন, সেটা ড. ইউনূস ভালো বুঝবেন: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগের ব্যাপারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা নিয়োগে সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। দেশের সংস্কারের জন্য তাদের প্রয়োজন অনুযায়ী উপদেষ্টা নিয়োগ দিতেই পারে এবং এ বিষয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করার দরকার নেই। কাকে উপদেষ্টা বানাবেন, কিভাবে ও কতজনকে নেবেন এটির সম্পূর্ণ দায়িত্ব হলো প্রধান উপদেষ্টার।

আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।  

তিনি বলেন, এখন আমাদের চিন্তা হচ্ছে, আগামী নির্বাচন নিয়ে, সেটাই আমরা এখনো নিশ্চিত নই। বর্তমান অন্তর্বর্তী সরকার আছে। তারা এখনো নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি। তারা নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করার জন্য একটি কমিটি করেছে। রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়া হয়েছে মতামত জানানোর জন্য।

বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে জরুরি বিষয়টি হচ্ছে অবাধ নিরপেক্ষ সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন। তবে নিরপেক্ষ নির্বাচনের আগে নির্বাচন ব্যবস্থাকে উপযোগী করে তোলার জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত করা প্রয়োজন। নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। আমরা এ কথাটি বারবার বলে আসছি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে অনেক ভালো। যেখানে তারা একটা ধ্বংসের মুখে ছিল, সেখানে তারা এখন একটা সিস্টেমে চলে এসেছে এবং তারা আরও সফল হবে।

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, যুগ্ম সম্পাদক পয়গাম আলী, দফতর সম্পাদক মামুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।