ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কাছে একটি আগ্নেয়গিরি থেকে বিপজ্জনক ছাই উদগিরণে আকাশ ছেয়ে যাওয়ায় বেশ কিছু এয়ারলাইনস দ্বীপটিতে আসা-যাওয়ার ফ্লাইট বাতিল করেছে। গতকাল বুধবার কান্টাস, জেটস্টার এবং ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইনস এই বিপর্যয়ের কথা উল্লেখ করে যাত্রীদের ফ্লাইট বাতিলের খবর জানিয়েছে। এয়ারলাইনসগুলো বলছে, মাউন্ট লেওটোআবি লাকি-লাকি আগ্নেয়গিরির ছাইয়ের কারণে ফ্লাইট বাতিল করতে হয়েছে। কারণ এমন পরিস্থিতিতে উড়োজাহাজ চলাচল নিরাপদ নয়।
এক সপ্তাহ আগে আগ্নেয়গিরির বড় ধরনের অগ্ন্যুৎপাতে ১০ জন নিহত হওয়ার পর আকাশে ৯ কিলোমিটার জুড়ে ছাই ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো সতর্ক করে বলেছে, বুধবার আগ্নেয়গিরির ছাই দেশটির উত্তরাঞ্চলের কিছু অংশে ছড়িয়ে পড়তে পারে। জেটস্টার এয়ারলাইনস জানিয়েছে, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সময় দুপুর ১২টা পর্যন্ত বালিতে আসা-যাওয়ার তাদের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া, সিঙ্গাপুর এয়ারলাইনস, ক্যারিয়ার স্কুট, হংকংয়ের ক্যাথাই প্যাসিফিক, ভারতের ইন্ডিগো ও মালয়েশিয়ার এয়ার এশিয়াও তাদের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে।