পাকিস্তান ক্রিকেট বোর্ডের দৃঢ় অবস্থানের ফলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে আইসিসি বড় সমস্যায় পড়েছে। জটিল অবস্থায় পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারত ফেব্রুয়ারির টুর্নামেন্টে অংশ নিতে যাবে না এমন জানাজানি হওয়ার পর পিসিবি একটি চিঠি দিয়ে আইসিসিকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর চেয়েছে।
বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের জিও সুপার নিউজ জানিয়েছে, চিঠিতে পিসিবি জানতে চেয়েছে, বিসিসিআই কবে প্রথম আইসিসিকে জানিয়েছে যে তারা পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবে না। তারা আরও জানতে চেয়েছে, ভারতীয় বোর্ড আনুষ্ঠানিকভাবে আইসিসিকে কোনো লিখিত নোটিস দিয়েছে কি না এবং সেখানে কোনো কারণ উল্লেখ করা হয়েছে কি না। পিসিবি এই কারণের লিখিত কপি চেয়েছে, যাতে সেটি পর্যালোচনা করা যায়।
ভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছিল, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান থেকে সরানোর পরিকল্পনা করছে। কিন্তু জিও সুপার জানতে পেরেছে, আইসিসি এখনো দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডকে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের বিষয়ে কিছু জানায়নি। সূত্রটি বলছে, পাকিস্তান ছাড়া চ্যাম্পিয়নস ট্রফি স্থানান্তর করা আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ হবে।