জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম ব্রিজের উত্তর পাশে দিলীপ বর্মন নামের এক ব্যাটারিচালিত এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বুলুপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে ওই অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
দিলীপ বর্মন জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের খোনাপাড়া গুচ্ছগ্রামের মাখন বর্মনের ছেলে।
জানা গেছে, প্রতিদিন রাতে শহরে ও আশপাশের এলাকায় রিকশা চালাতেন দিলীপ। গতকাল বুধবার রাতেও বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফেরেননি। সকালে চকশ্যাম ব্রিজের উত্তর পাশে বুলুপাড়া এলাকায় রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
ওসি শাহেদ আল মামুন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পাশাপাশি তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’