বগুড়ায় অটোচালকের গলা কাটা লাশ উদ্ধার

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১২:০৮ পিএম

বগুড়ার শাজাহানপুর উপজেলায় মহাসড়কের পাশ থেকে মোফাজ্জল হোসেন মোফা (৫২) নামে এক অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সুলতানগঞ্জ হাইস্কুলের পিছনে রাস্তায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ কল দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নিহত মোফা বগুড়ার শাজাহানপুর উপজেলার খালিশাকান্দি গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং গলার অর্ধ কাটা রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। বুধবার সকালে লাশ উদ্ধারের খবর পেয়ে পরিবার এসে পরিচয় নিশ্চিত করে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহতের পরিচয় নিশ্চিত করা গেছে। মৃত্যুর রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত