মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সরকারের পক্ষ থেকে ভুল ত্রুটি হয়েছে বলেই চিকিৎসাধীন আহতদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দাবিগুলো যৌক্তিক বলেই তারা হাসপাতাল ছেড়ে সড়কে নেমে এসেছেন। যেকোনো মূল্যে সরকার তাদের দাবি পূরণে বদ্ধপরিকর।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করলে একথা বলেন তিনি।
ফরিদা আক্তার আরও বলেন, ভোররাত পর্যন্ত আমি ক্ষুব্ধ চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেছি। নানা আমলাতান্ত্রিক জটিলতার কারণে আহতদের অনেকেই এখনো ক্ষতিপূরণ পাননি। সেটির দ্রুত ব্যবস্থা করা হচ্ছে। তবে এই মুহূর্তে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের এক লাখ টাকা ক্ষতিপূরণ যথেষ্ট নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন জুলাই আগস্ট বিপ্লবের আহতদের পুনর্বাসনের বিষয়ে সরকার আন্তরিকভাবে সচেষ্ট।
কারণ আহতদের অনেকেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের ত্যাগের কারণেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আজ দুপুরে আমরা আবারো তাদের সাথে বসবো। আশা করছি সেখানে একটি ভালো সমাধান আসবে।
এর আগে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আক্তার বলেন, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটকে আরো জনসম্পৃক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। শুধু টেলিভিশনে প্রচার প্রচারণায় সীমাবদ্ধ না থেকে, প্রান্তিক পর্যায়ে কৃষকরা যেন সুবিধা ভোগ করতে পারে তার সুব্যবস্থা করতে হবে। সভা শেষে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বিএলআরআই এর বিভিন্ন গবেষণা প্রকল্প ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের গবেষণার সফলতা ও বিভিন্ন বিষয় তুলে ধরেন বিএলআরআই এর নব নিযুক্ত মহাপরিচালক ড. শাকিলা ফারুক।
আয়োজিত মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী। এছাড়া আয়োজিত অনুষ্ঠানে বিএলআরআই এর ১৪৪ জন বিজ্ঞানীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।