আর কয়েক ঘণ্টা পর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। বাংলাদেশ সময় শুক্রবার ভোর রাত ৩টায় অনুষ্ঠিতব্য ম্যাচটিতে খেলবেন ভিনিসিয়ুস জুনিয়রা। পেরু ম্যাচের শুরুর একাদশ থেকে স্রেফ একটি পরিবর্তন নিয়েই এই ম্যাচে মাঠে নামবে দরিভাল জুনিয়রের শিষ্যরা।
রিয়ালের হয়ে খেলার সময় বাঁ পায়ের পেশিতে চোট পেয়ে ছিটকে গেছেন রদ্রিগো। তার জায়গায় এবার একাদশে এলেন আরেক রিয়াল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলের এই নবীন তারকা কাঁধের চোটে গত মাসের বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে খেলতে পারেননি। অনুমিতভাবেই তাকে নিয়ে শুরুর একাদশ সাজিয়েছেন দরিভাল।
সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেছেন, ‘আগের ম্যাচে যে দল শুরু করেছিল, সেই দলকেই রাখা হয়েছে, স্রেফ রদ্রিগোর জায়গায় ভিনিসিউসকে নেওয়া হয়েছে। আগের ম্যাচের পুনরাবৃত্তির ভাবনা আগে থেকেই ছিল। এটা নিয়ে কোনো সংশয় ছিল না। তাদের সবার ওপর নির্ভর করছি, তারা খুবই ভালো খেলোয়াড় তাদের সম্মান ও সুযোগ প্রাপ্য।’
ব্রাজিল একাদশ: এদেরসন (জিকে), দানিলো, মারকুইনহোস, গ্যাব্রিয়েল, আবনার, ব্রুনো গুইমারেস, আন্দ্রে, রাফিনহা, লুইজ হেনরিক, ইগর জেসুস, ভিনিসিয়ুস জুনিয়র।