সাফজয়ীদের সংবর্ধনা সাউথইস্ট ব্যাংকের, ৩ লাখ টাকা করে পুরস্কার

সাফ জয়ী নারী ফুটবলারের সংবর্ধনা দিয়েছে সাউথইস্ট ব্যাংক। দক্ষিণ এশিয়া ফুটবল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য বাংলাদেশ দলের প্রত্যেক খেলোয়াড়কে ৩ লাখ টাকা এবং স্টাফদের প্রত্যেককে ১ লাখ টাকা পুরস্কৃত করেছে সাউথইস্ট ব্যাংক। আর্থিক পুরস্কার ছাড়াও সাফজয়ী দলের প্রত্যেকের ব্যাংক একাউন্ট এর বিপরীতে দেশে-বিদেশে ব্যবহারযোগ্য একটি করে ভিসা ডেবিট কার্ড দেয়া হয়। 

ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি তাবিথ মোহাম্মদ আওয়াল। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান এম. এ. কাশেম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মো: ছাদেক হোসাইন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য আজিম উদ্দিন আহমেদ, মিসেস জোসনা আরা কাশেম, মিসেস দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন। 

এসময় ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মো: ছাদেক হোসাইন বলেন, 'সাফ চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের অদম্য মেয়েরা যেভাবে নেপালের বিপুল সমর্থকদের চ্যালেঞ্জকে অতিক্রম করে বিজয় ছিনিয়ে এনেছে, তা জাতিকে গর্বিত করেছে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। আমাদের দেশের অদম্য মেয়েরা উন্নত সুযোগ সুবিধা ছাড়াই, অনেক সংগ্রাম এবং পরিশ্রম করে এই পর্যায়ে সাফল্য এনে দিয়েছে। সাউথইস্ট ব্যাংক বরাবরের মতো নারীর ক্ষমতায়ন, অধিকার এবং নারী ক্রীড়ার প্রতি তার অবিচল সমর্থন এবং বাংলাদেশের সার্বিক ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রতিশ্রম্নতিবদ্ধ।'

বাংলাদেশে কোনো বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে সাউথইস্ট ব্যাংকই প্রথম সাফ জয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা এবং আর্থিক সম্মাননা প্রদান করলো।