বান্দরবানের রুমা উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অপারেশন দল মুনলাই পাড়া নামক এলাকায় কেএনএ’র বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোররাতে অপারেশন দলটি মুনলাই পাড়ার উত্তর পশ্চিমে রুমা খালের পার্শ্ববর্তী লাইচেংয়াই নামক আমবাগানে কেএনএ’র অবস্থানের ওপর অভিযান পরিচালনা করলে সন্ত্রাসীরা তাদের অস্ত্র-সরঞ্জামাদি ফেলে পালিয়ে যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে, একটি একে-৪৭ রাইফেল, দুটি দেশীয় তৈরি বন্দুক, ১৬০ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, বাইনোকুলার, দুটি ওয়াকিটকি সেট ও কেএনএফের পোশাক।
প্রসঙ্গত, ২০২০ সাল থেকে পার্বত্য জেলার পাহাড়ি সম্প্রদায়ের বম জনগোষ্ঠীর কিছু বিপথগামী যুবক কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে একটি সশস্ত্র সংগঠন গড়ে তোলে। এদিকে তাদের সশস্ত্র কার্যক্রম বেড়ে যাওয়ায় তাদের নিমূর্লে ২০২২ সালের অক্টোবর মাস থেকে বান্দরবানে যৌথবাহিনীর অভিযান শুরু হয়।
অভিযানে এই পর্যন্ত কেএনএফের সর্বমোট ১২০ জন সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। আটককৃতদের বিরুদ্ধে বান্দরবানের বিভিন্ন উপজেলায় বেশ কয়েকটি মামলা হয়েছে।