মাদারীপুরে বিএনপি নেতাকর্মীদের ওপর বোমা হামলা

মাদারীপুরের কালকিনিতে জিয়া পরিষদের কর্মীসভার প্রস্তুতিমূলক আলোচনায় যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের উপর বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় বিএনপির দুই জন কর্মী গুরুতর আহত হন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। 

উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরু বেপারী বলেন, আমরা দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি সভার প্রস্তুতিমূলক আলোচনার জন্য উপজেলার আলিনগর ইউনিয়নে ফাসিয়াতলা বাজার যাচ্ছিলাম। পথে এনায়েতনগর ইউনিয়নের খালেকেরহাট এলাকায় পৌঁছালে এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সিরাজুল হক সরদারের নেতৃত্বে কাইয়ুম মৃধা, সুমন মৃধা, কামাল মৃধা, রিফাত বেপারী, আলিম বেপারী, চান্দু মৃধা ও হেলাল খাসহ প্রায় ৩০ থেকে ৪০ জন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী আমাদের ওপর অতর্কিত বোমা হামলা করে। 

এ সময় সুজন সরদার (৩২) ও শামিম বেপারী (২৮) নামে বিএনপির দুজন নেতা বোমায় গুরুতর আহত হন। আমি নিজেই বাদি হয়ে থানায় মামলা করব।

এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সিরাজুল হক সরদার সাথে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার ফোন বন্ধ পাওয়া গেছে। 

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।