মুগ্ধতা থেকে লেখার উপাদান আসে

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১২:৪৬ এএম

জাহিদ আকবর এদেশের খুবই পরিচিত গীতিকার। তার জনপ্রিয় গানের সংখ্যা অনেক। আজ সারা দেশে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। এই সিনেমায় রয়েছে জাহিদ আকবরের গান। লেখা ও গান নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাহতাব হোসেন।

একের পর এক শাকিব খানের অভিনীত করা সিনেমায় আপনার গান লক্ষ্য করা যাচ্ছে এর বিশেষ কোনো কারণ আছে?

বিশেষ কোনো কারণ নেই। শাকিব খানের  ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ ও ‘প্রিয়তমা’ সিনেমার ‘গভীরে’ গান দুটি শ্রোতাপ্রিয়তা পাওয়ার পর অন্য পরিচালকরা শাকিব খানের সিনেমায় আমাকে তারা সিনেমায় গীতিকার হিসেবে রাখতে আগ্রহী হয়েছেন। তবে ‘দরদ’ সিনেমার পরিচালক অনন্য মামুনের বিষয়টা আলাদা। তার পরিচালিত প্রথম সিনেমা থেকে প্রায় সব সিনেমাতেই গান লিখেছি। সেই ধারাবাহিকতায় শাকিব খানের ‘দরদ’ সিনেমায় ‘এই ভাসাও’ লিখেছি।

দরদে আপনার লেখা গান ও চিত্রায়ণের সমন্বয় কেমন মনে হলো?

গানটার চিত্রায়ণের সঙ্গে কথার একটা সমন্বয় রয়েছে। গানের কথা সিনেমাটির গল্প,চিত্রনাট্য অনুযায়ী সুরের ওপর লেখা হয়েছে। সিনেমায় সবসময় গল্প শুনে সেই  সিচুয়েশনে অনুযায়ী গান লিখে থাকি। হয়তো অনেক সময় চিত্রায়ণে কিছুটা এদিক-ওদিক হয়। তবে ‘এই ভাসাও’ গানটি চিত্রায়ণে একদম ঠিক আছে।

গান লেখার জন্য আপনি কাউকে, কারও লেখা বা কবিতা কিংবা গীতিকবিতা অনুসরণ করেন কি না?

গান লেখার জন্য প্রতিনিয়ত কবিতা পড়ি। প্রায় প্রতিদিনই  অনেক ধরনের কবিতা পড়া হয়। দেশ বিদেশের অনেক কবির মধ্যে আল মাহমুদ, সুনীল গঙ্গোপাধ্যায়, কিছুদিন থেকে হাসান রোবায়েত এর লেখা কবিতা মনে ধরেছে। গীতিকবিতায় গুলজার, কাওসার আহমেদ চৌধুরী, নজরুল ইসলাম বাবু, লতিফুল ইসলাম শিবলী, সোমেশ্বর অলি, রবিউল ইসলাম জীবনের লেখা গানগুলো আমার পছন্দের। তবে গানলেখায় কাউকে অনুসরণ করি না।

আপনার গানের মূল উপাদান কী? এই উপাদান কীভাবে আহরণ করেন?

আমার ধারণা যারা লেখেন তারা যেখানে মুগ্ধতায় ডুব দেন  সেখান থেকেই তার লেখার মূল উপাদান আসে। এটা হতে পারে চলমান জীবনের মধ্যে থেকে। কবিতা, গল্প গানের একটা শব্দ, মেঘ, বৃষ্টির ফোঁটা,কুয়াশা, তুমুল আড্ডা থেকে। নারীর ভালোবাসা, মায়া ও মুগ্ধতায় গানের উপাদান থাকে। আসলে কে কীভাবে আহরণ করে সেটা তার ভেতরের বিষয়। তবে, এটা সত্য মুগ্ধতা থেকে উপদান আসে লেখার।

সাম্প্রতিক সময়ে শোনা আপনার পছন্দের গানের কথা বলেন, কেন ভালো লেগেছে সেটা জানার ইচ্ছা রয়েছে?

লুৎফর হাসানের লেখা, সুর ও কণ্ঠে ‘আমি এমন কেউ না’ গানটা বেশ কয়েক বছর  আগের হলেও আমি সম্প্রতি শুনেছি। গানটার মধ্যে কেমন একটা ঘোর, কথা ও সুরের মধ্যে একটা হাহা কার আছে যা মনের কোথাও ধরে, পোড়াই। গানটার শুরুটা এমন আমাকে রাখবে মনে, আমি এমন কেউ না, আমাতে ভাসবে তুমি, আমি এমন ঢেউ না’। 

আপনি উপন্যাস লিখেছেন, সেটা বিরতি কেন? নতুন কী কী লিখলেন 

বিরতির কারণ আমার আগের তিনটা উপন্যাসের গল্প বলার চাপ ভেতর থেকে ছিল। ভেতর থেকে এই গল্প বলার তাড়না না থাকলে লেখতে পারি না। তবে কিছুদিন থেকে চলমান এই সময়ের কিছু বিষয় মাথায় ঘুরছে। হুট করে যেকোনো মধ্যরাতে  লেখতে শুরু করব নতুন উপন্যাস। একজন নিঃসঙ্গ মানুষ সব হারিয়ে ভালো আছি এমন বলছে এই বিষয় নিয়ে একটা গান লিখছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত