হাজারীবাগে কিশোরের ছুরিকাঘাতে কিশোর খুন

রাজধানীর হাজারীবাগ পার্কের পাশে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর শান্ত (১৭) নামের এক কিশোর খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

শান্ত হাজারীবাগ ১০ নম্বর গলির আফজাল হোসেনের ছেলে। 

নিহত শান্তর বন্ধু জীবন আহমেদ জানায়, গতকাল রাতে বাসার পাশে মাদ্রাসার গলিতে কয়েকজন মিলে শান্তকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। যারা ছুরি মেরেছে তারা পাশের এলাকার।

এদিকে শান্তর বড় ভাই মিরাজ হোসেন জানান, রাতে শুকুর নামের এক কিশোরসহ কয়েকজন এলাকায় একটি বাসায় সাইকেল চুরি করার সময় ওই বাসার দারোয়ান তাদের আটক করে। খবর পেয়ে শান্ত সেখানে যায়। তখন শুকুর শান্তর বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে। এরপর তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন সকালে সে মারা যায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ‘মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করছে।’