কক্সবাজারের পেকুয়ায় টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে এহসানুল করিম (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ সময় ছেলেকে উদ্ধার করতে গিয়ে মা রেহেনা আক্তার (৩৮) আহত হন। শনিবার (৩ মে) রাত ৮টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়া বেড়িবাঁধের ওপর এ ঘটনা ঘটে।
নিহত এহসানুল করিম একই ইউনিয়নের মাঝির পাড়ার মৃত জাকের উল্লাহর ছেলে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, এহসান ও তার মা রেহেনা আক্তার রাজাখালী নোয়াখালী ব্রিজ সংলগ্ন স্টেশন থেকে বাঁশ নিয়ে অটোরিকশা করে মাঝির পাড়া বাড়িতে যাচ্ছিলেন। এ সময় টেকঘোনা পাড়ার বেড়িবাঁধের ওপর আমির হোসেনের বাড়ি সংলগ্ন পৌঁছালে টেকঘোনা পাড়ার মুহাম্মদ জুনাইদ গাড়ির গতিরোধ করে। পরে টাকা চুরির বিষয় নিয়ে এহসান ও জুনাইদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জুনাইদ ছোরা দিয়ে এহসানকে বুকে আঘাত করেন। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার মা রেহেনা আক্তার ছেলেকে বাঁচাতে গেলে তাকেও ছুরিকাঘাত করে জখম করা হয়। পরে স্থানীয়রা দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এহসানকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, জুনাইদ ও এহসান দুজনেই একে অপরের বন্ধু। কয়েকদিন আগে এহসানের বাড়িতে টাকা চুরি হয়। জুনাইদের সন্দেহ হয় টাকাগুলি এহসান চুরি করেছে। এনিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে। এর জের ধরে এহসানকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পুলিশ এখন ঘটনাস্থলে আছে।
চুরি যাওয়া মুঠোফোনে ভেসে উঠলো চোরের ছবি!
রাজধানীর পল্টনে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট