প্যারাগুয়ের বিপক্ষে মেসির পারফর্মেন্স দশে পাঁচ, বাকিরা কত পেলেন?

বেশ বিস্ময় জাগিয়েই প্যারাগুয়ের মাঠে হেরে গেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচের একপর্যায়ে বাজেভাবে ফাউলের শিকার হয়ে মেজাজ হারান মেসি স্বয়ং। রেফারিকে আঙুল উঁচিয়ে শাসিয়েছেন। অবশ্য ২-১ ব্যবধানের এই হারের পরও ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। এদিকে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ শেষে মেসিদের পারফর্মেন্স বিচার করেছে গোল ডটকম।

ডিফেন্স

এমিলিয়ানো মার্টিনেজ (৬/১০): গোলপোস্টের সামনে এবার আর্জেন্টিনাকে হতাশ করেছেন এমি মার্তিনেজ। অবশ্য দায় পুরোপুরি তার নয়, বরং আর্জেন্টিনার সেন্ট্রাল ডিফেন্ডাররাও তাকে যথেষ্ট সহায়তা করতে পারেনি।

নাহুয়েল মলিনা (৬/১০): এদিন মলিনার পারফর্মেন্স ছিল মলিন। প্যারাগুয়ের অ্যাটাকিং মিডফিল্ডার মিগুয়েল আলমিরনের দিকেই তার বেশি মনোযোগ ছিল। এতে কাজের কাজ কিছুই হয়নি।

ক্রিশ্চিয়ান রোমেরো (৬/১০): শুরুতে রোমেরোর পারফর্মেন্স মন্দ ছিল না। কিন্তু বারবার নিজের মার্ক ভুলে ডিফেন্সের দেয়াল ভেঙেছেন নিজেই। ডান পায়ের আঘাতের কারণে মাঠ ছাড়তে হয়েছে।

নিকোলাস ওতামেন্দি (৬/১০): ৩৬ বছর বয়সী ওতামেন্দি তার বয়সের অনুরূপ পারফর্মেন্সই করেছেন। হাফটাইমে রোমেরোর বদলি হিসেবে লিওনার্দো বালের্দিকে নামানোয় ডিফেন্সে যেন জট পাকিয়ে যায়। আর্জেন্টিনার দ্বিতীয় গোল হজমে এই দুই ডিফেন্ডারকেই দায়ী করছে গোল ডটকম।

নিকোলাস ট্যাগলিয়াফিকো (৬/১০): প্যারাগুয়ের আক্রমণভাগ নিকোলাস ট্যাগলিয়াফিকোকেক সারাক্ষণ ব্যস্থ রেখেছিল। ফলে তিনি খুব কমই আক্রমণে যেতে পেরেছেন।

মিডফিল্ড

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (৫/১০): প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার মিডফিল্ডও ছিল মলিন। আলোচিত ম্যাক অ্যালিস্টারও হতাশ করেছেন। দ্বিতীয়ার্ধের মাঝপথে তাকে তুলে নেন স্কালোনি।

রদ্রিগো ডি পল (৬/১০): প্রচেষ্টা ছিল আকাশচুম্বী। মাঝেমধ্যেই প্যারাগুয়ের জন্য হুমকি হয়ে উঠছিলেন। কিন্তু ৬৯ মিনিটে একটি সুবর্ণ সুযোগ মিস করেন।

এনজো ফার্নান্দেজ (৮/১০): আর্জেন্টিনার মিডফিল্ডে দুর্দান্ত ছিলেন ২৩ বছর বয়সী এই তরুণ। লাউতারো মার্তিনেজের করা গোলটিতে তিনি সহায়তা করেছেন। নিজের গতিকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে মাঠজুড়ে দাপিয়ে বেড়িয়েছেন এনজো।

আক্রমণভাগ

হুলিয়ান আলভারেজ (৭/১০): লাউতারোর সঙ্গে পাল্লা দিয়ে আক্রমণে ছিলেন আলভারেজ। মাঝেমধ্যে তিনি প্যারাগুয়ের রক্ষণে আঘাত হেনে বিশৃঙ্খল করে দিয়েছেন।

লাউতারো মার্তিনেজ (৮/১০): খারাপ সময় কাটিয়ে সম্ভবত ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন লাউতারো মার্তিনেজ। আর্জেন্টিনার একমাত্র গোলটি এসেছে তার পা থেকেই। নিখুঁত রানআপের সঙ্গে দুর্দান্ত ফিনিশিংয়ে তিনি প্রশংসিত হয়েছেন। যতক্ষণ খেলেছেন, প্যারাগুয়ের জন্য হুমকি হয়ে ছিলেন।

লিওনেল মেসি (৫/১০): আর্জেন্টিনা তথা বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি এই ম্যাচে নিষ্প্রভ ছিলেন। সাধারণত তিনি যেভাবে খেলাটির গভীরে চলে যান, এদিন সেটা পারেননি। বরং প্রতিপক্ষ রক্ষণের সামনে তাকে বেশ ভুগতে হয়েছে। মেসিকে আটকে রাখা প্যারাগুয়ের রক্ষণের বড় সাফল্য।

কোচ

লিওনেল স্কালোনি (৬/১০): আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনির কৌশলে যে ভুল ছিল- এটা বলা কঠিন। প্যারাগুয়ে আক্রমণাত্বক ফুটবল খেলেছে। পুরোটা সময় মেসি ছিলেন নিষ্প্রভ, প্রতিপক্ষের চার ফুলব্যাক তাকে সারাক্ষণ গার্ড দিয়ে রেখেছিল। সব মিলিয়ে স্কালোনি বা আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই। এটা আর্জেন্টিনার জন্য একটা খারাপ দিন।