প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার পরাজয় ছাপিয়ে আলোচনায় চলে এসেছে দলের পারফর্মেন্স। ম্যাচজুড়ে একমাত্র লাউতারো মার্টিনেজ ছাড়া সবাই ছিলেন নিষ্প্রভ। এমনকী মেসি স্বয়ং। দলের পারফরম্যান্স নিয়ে অনেক সমালোচনার জায়গা আছে। কিন্তু আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সেই পথে হাঁটতে রাজি নন।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হারের পর সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে স্কালোনি স্পষ্ট করে বলেছেন, ‘আমি এখানে আমার খেলোয়াড়দের সমালোচনা করতে আসিনি, আমি তাদের সমর্থন করতে এসেছি। আমরা জানতাম, এটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। সামনে এগিয়ে যেতে এবং দলের অনেক নতুন খেলোয়াড়কে আত্মবিশ্বাস যোগাতে হবে।’
ম্যাচে দলের পারফর্মেন্স নিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, ‘প্রথমার্ধে আমরা ভালো খেলেছি, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথম আক্রমণ সবকিছু কঠিন করে তুলেছিল। প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে হবে, যারা খুব ভালোভাবে রক্ষণ সামলেছে। আশা করি, (দ্রুতই) সঠিক পথে ফিরব। দলের সবাই সবসময় চেষ্টা করে, ম্যাচে নিজেদের সেরাটা দেয়। খেলোয়াড়রা একটুও ছাড় দেয় না। কীভাবে আরও ভালো করতে পারি, সেটা নিয়ে পরে বিশ্লেষণ করব।’
আগামী বুধবার বাংলাদেশ সময় ভোরবেলায় বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের পরবর্তী ম্যাচে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। অতীত ভুলে সেই ম্যাচের জন্যই এখন সবাইকে প্রস্তুত হতে বললেন স্কালোনি, ‘পেরু সম্পূর্ণ ভিন্ন ধাঁচের প্রতিপক্ষ…আমরা ভালোভাবে প্রস্তুতি নিব এবং আশা করছি সমর্থকদের ভালো সময় উপহার দিতে পারব। আমরা যা করছি, তাতে আমরা আত্মবিশ্বাসী।’