‘কখনো ভাবিনি ইতিহাসের সেরা ফুটবলারের কোচ হব’

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৪ পিএম

স্বপ্নের মতো এক পথচলার শেষ প্রান্তে এসে যেন স্মৃতির পাতায় ডুব দিলেন আলবিসেলেস্তেদের বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি। লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর রাতে স্কালোনি স্মরণ করলেন সেই অবিশ্বাস্য যাত্রার কথা, যা তার কাছে ছিল কল্পনারও অতীত। মেসিকে কোচ হিসেবে পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি কখনো ভাবিনি যে ইতিহাসের সেরা ফুটবলারের কোচ হব।’

দীর্ঘদিনের এই ঐতিহাসিক কোচ-অধিনায়ক জুটির সমাপ্তিতে স্কালোনি এও স্বীকার করেন যে, ইতিহাসের সেরা এই ফুটবলারকে মাঠে আর না দেখতে পাওয়ার কষ্ট তাকে গভীরভাবে নাড়া দিচ্ছে।

আর্জেন্টিনার জার্সিতে একসঙ্গে চারটি বড় শিরোপা জয়ের গৌরব অর্জন করা স্কালোনি ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে সংবাদমাধ্যমে বলেন, ‘এটি একটি স্বপ্ন পূরণের মতো। আমি কখনো ভাবিনি যে ইতিহাসের সেরা ফুটবলারের কোচ হব। তাঁর সঙ্গে থাকার সুযোগ করে দেওয়ার জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ।’ 

মেসিকে ছাড়া ভবিষ্যৎ দল গঠনের কঠিন বাস্তবতার কথা বলতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন এই বিশ্বজয়ী কোচ। স্কালোনি অকপটে স্বীকার করেন, ‘চোখের জল আসার কারণ আমার মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। তাকে আর দেখতে না পাওয়াটা খুবই কষ্টের হবে।’ তিনি আরও যোগ করেন যে, মাঠে দলের যেকোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার বা জট খুলে দেওয়ার জাদুকরী ক্ষমতা কেবল মেসিরই ছিল, যা অন্য কারও মধ্যে দেখা যায়নি।

তবে ফুটবল জাদুকরকে হারানোর যে শূন্যতা, তা কোনো কিছুর মাধ্যমেই পূরণ হওয়ার নয় বলেই মনে করেন এই সফল কোচ। মেসির অনন্য অবদান ও ড্রেসিংরুমে তার প্রভাব স্মরণ করে স্কালোনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘মাঠে তার মতো আর কখনো কাউকে দেখা যাবে না এবং তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব। আমরা যতই দলটাকে নতুন করে গড়ে তুলি না কেন, নতুন যারা উঠে আসছে তাদের নিয়ে যতই দারুণ একটি দল তৈরি করি না কেন, আমি আর কারও মধ্যে তার মতো সেই আভা দেখিনি। তিনি যে অনুভূতি তৈরি করতেন, তা আর থাকবে না। তাকে উপভোগ করতে পারাটা ছিল অসাধারণ, এখন আমাদের তাকে ছাড়াই সামনে এগিয়ে যেতে হবে।’

ভবিষ্যতে তরুণ খেলোয়াড়দের নিয়ে দল গোছানোর কাজ চললেও মেসির মতো একজন ম্যাচ উইনারের শূন্যতা যে কেউ পূরণ করতে পারবে না, তা স্পষ্ট করে জানিয়ে দিয়ে তিনি বলেন, ‘যে খেলোয়াড়টি তার প্রতিভা দিয়ে যেকোনো মুহূর্তে ম্যাচ খুলে দিতে পারত, সে আর আপনাদের কাছে নেই।’ 

এদিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হতে চললেও আলবিসেলেস্তেদের সঙ্গেই নিজের পথচলা বাড়ানোর ইঙ্গিত দিলেন স্কালোনি। ‘সবকিছু যদি ঠিকঠাক থাকে, তবে আমি কোচ হিসেবে আমার দায়িত্ব চালিয়ে যাব। মেসি যে উত্তরাধিকার রেখে যাচ্ছে, তা অবিশ্বাস্য। আমি সেটিই সঙ্গে করে নিয়ে যাব।’ 

সর্বশেষ সর্বাধিক পঠিত