বলিউডের আলোচিত অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। জ্যাকলিনের ইনস্টাগ্রামের ছবি দেখলেই বোঝা যায়, তিনি কতটা স্বাস্থ্য সচেতন। রূপচর্চার দিকেও সমান ভাবে নজর দেন জ্যাকলিন। বলিপাড়ায় তার লাবণ্যময় ত্বক ও সিল্কি চুল নিয়ে বেশ চর্চা হয়। বিভিন্ন সাক্ষাৎকারে জ্যাকলিন নিজেই জানিয়েছেন, তিনি জিমে গিয়ে শরীরচর্চা করা পছন্দ করেন না। এমনকি দোকান থেকে কেনা ক্রিম বা প্রসাধনীর জিনিসপত্রও বেশি ব্যবহার করেন না। তা হলে কী ভাবে ত্বক ও চুলের পরিচর্যা করেন জ্যাকলিন?
জিম নয়, বাড়িতেই নিয়মিত নাচের প্রাক্টিস করেন অভিনেত্রী। আর তাতেই এমন ফিট থাকেন তিনি। চুলের জন্য বিশেষ একটি প্যাক তৈরি করেন বাড়িতেই। ডিমের সাদা অংশ ও বিয়ার দিয়ে তৈরি হেয়ার প্যাক সপ্তাহে অন্তত তিন দিন ব্যবহার করেন জ্যাকলিন। ঘরোয়া উপকরণ ব্যবহারের কারণেই তার চুল এত ঘন ও সিল্কি থাকে। জ্যাকলিন জানিয়েছেন, কোনও রকম বৈদ্যুতিক যন্ত্র তিনি চুলের সাজে ব্যবহার করেন না। বেশির ভাগ সময়ে জ্যাকলিন চুল পনিটেল করে বেঁধে রাখেন কিংবা খুলে রাখেন।
ত্বকের জন্য তার পছন্দ দই ও মধুর ফেস-প্যাক। বাইরে থেকে কেনা কোনও রকম স্ক্রাবার বা ফেশিয়াল প্যাক ব্যবহার করেন না। মাঝেমধ্যে বরফ ঘষেন মুখে। ঠোঁট নরম রাখতে কেনা লিপবাম নয়, বরং রাতে শোয়ার আগে খানিকটা মধু লাগিয়ে নেন ঠোঁটে।
সুন্দর ত্বক ও চুলের জন্য ডায়েটেও বিশেষ নজর দেন জ্যাকলিন। অভিনেত্রীর কথায়, সকালে হালকা টোস্ট, দুপুরে সব্জি ও ফলের স্যালাড এবং রাতে হালকা কিছু খান তিনি। সেই সঙ্গে নানা ধরনের মাছ খেতে ভালবাসেন। জ্যাকলিন জানিয়েছেন, বেশি মাছ ও সবজি খাওয়ার কারণেই তার শরীরে পর্যাপ্ত ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ঢোকে, যে কারণেই তার ত্বক ও চুল এত চকচকে থাকে।